‘স্বপ্নে’র হাতে হাত রাখলো পাঠাও ‘টং’

১ এপ্রিল, ২০২০ ১৬:১৫  
কোভিড-১৯ সঙ্কটে মুদিপণ্যসহ নিত্য প্রয়োজনীয় যাবতীয় পণ্য ঘর-বন্দি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ফের ডেলিভারি সেবা ‘টং’ চালু করেছে পাঠাও। দেশের সবচেয়ে বড় খুচরাপণ্যের সুপারশপ চেইন ‘স্বপ্নে’র অংশীদার হয়েছে প্রতিষ্ঠানটি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লাজুড়ে পরিচালিত স্বপ্নের ১৩২টি আউটলেট থেকে কাঙ্ক্ষিত পণ্য ও সেবা পৌঁছে দিতে শুরু করেছে। এ প্রসঙ্গে পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুসাইন এম ইলিয়াস জানিয়েছেন, করোনা সংক্রমণের মুখে বাংলাদেশে সরকারের নির্দেশনা মেনে স্বেচ্ছ্বায় গৃহবন্দী থাকা গ্রাহকদের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ নির্বিঘ্নে পৌঁছে দিতেই তারা এই অন-ডিমান্ড ডিজিটাল প্লাটফর্ম পাঠাও ‘টং’ চালু করেছেন। পাঠাও টঙের মাধ্যমে অর্ডার দিয়ে ৪০ মিনিটেরও কম সময়ের মধ্যে নিজ ঘরের দরজার সামনে সহজেই নিত্য প্রয়োজনীয় এসব পণ্য পেতে পারেন অ্যাপটির ব্যবহারকারীরা। জানাগেছে, ঢাকায় অবস্থিত ‘স্বপ্নে’র ২৩টি আউটলেট এবং চট্টগ্রামের দু’টি আউটলেট বর্তমানে পাঠাওয়ের সাথে সম্পৃক্ত রয়েছে। পাঠাও অ্যাপের ফুড টালিতে ক্লিক করলেই ‘টং’ দেখা যাবে। এই টঙের মাধ্যমে ‘স্বপ্নে’ ঢুকে প্রয়োজনীয় পণ্য সামগ্রী অর্ডার করতে পারবেন গ্রাহকরা।